রাকা মুক্ত করার অভিযান শুরু করেছে এসডিএফ
https://parstoday.ir/bn/news/west_asia-i25009-রাকা_মুক্ত_করার_অভিযান_শুরু_করেছে_এসডিএফ
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে সিরিয়ার রাকা শহর মুক্ত করার অভিযান শুরু করেছে মার্কিন-সমর্থিত সিরিয়ার একটি বিদ্রোহী বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৭, ২০১৬ ০৩:০০ Asia/Dhaka
  • রাকা মুক্ত করার অভিযানের কথা ঘোষণা করছেন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের অন্যতম মুখপাত্র জিহান শেইখ আহমাদ
    রাকা মুক্ত করার অভিযানের কথা ঘোষণা করছেন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের অন্যতম মুখপাত্র জিহান শেইখ আহমাদ

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে সিরিয়ার রাকা শহর মুক্ত করার অভিযান শুরু করেছে মার্কিন-সমর্থিত সিরিয়ার একটি বিদ্রোহী বাহিনী।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)’ নামের এ বাহিনী গঠিত হয় এবং এতে জাতিগত কুর্দি, আরব, আশুরি, আর্মেনিয় ও তুর্কামান জনগোষ্ঠীর মিলিশিয়া রয়েছে।

রোববার রাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত ‘আইন ঈসা’ শহরে এক সংবাদ সম্মেলন করে রাকা মুক্ত করার অভিযান শুরুর কথা ঘোষণা করেন ডেমোক্র্যাটিক ফোর্সের অন্যতম মুখপাত্র জিহান শেইখ আহমাদ। তিনি বলেন, “রাকা ও এর আশপাশের শহরগুলো মুক্ত করার যুদ্ধ শুরু হয়ে গেছে।”

সংবাদদাতারা জানিয়েছেন, রাকা মুক্ত করার অভিযানের নাম দেয়া হয়েছে ‘অ্যাঙ্গার অব ইউফ্রেটিস’ বা ‘ফোরাতের ক্রোধ’ এবং শনিবার সন্ধ্যায় শুরু হওয়া এ অভিযানে প্রায় ৩০ হাজার মিলিশিয়া অংশগ্রহণ করছে। জিহান আহমাদ জানান, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হচ্ছে।

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের আরেক মুখপাত্র তালাল সেলু বলেছেন, দায়েশের হাত থেকে রাকা মুক্ত করার অভিযান সহজ হবে না। আমেরিকা এ অভিযান থেকে তুরস্ককে দূরে থাকতে বলেছে বলেও জানান সেলু।

সিরিয়ায় দায়েশের একক নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় শহর রাকা। ২০১৪ সালে এই শহরকে স্বঘোষিত খেলাফতের রাজধানী ঘোষণা করেছিল এই উগ্র জঙ্গি গোষ্ঠী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭