মসুল উদ্ধার অভিযানে আরো অগ্রগতি অর্জন করেছে ইরাকি সেনাবাহিনী
-
মসুল উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী একটি ইরাকি সেনাদল (ফাইল ছবি)
ইরাকের সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুল শহরের উপকণ্ঠে আরো দু’টি গ্রামকে দায়েশের দখলমুক্ত করেছে।
নেইনাভা লিবারেশন অপারেশনের কমান্ডার লে. জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহ জানিয়েছেন, সেনাবাহিনীর নবম সাঁজোয়া ডিভিশন দায়েশের কাছ থেকে আল-রাজাকিয়া ও হাউইজা আল-হাসান গ্রাম দু’টি পুনর্দখল করেছে। এ সময় ব্যাপক সংঘর্ষে তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের মারাত্মক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ইরাকি জয়েন্ট অপারেশন্স কমান্ড আরেক ঘোষণায় জানিয়েছে, মসুলের ইয়ারামজা এলাকায় দেশটির বিমান বাহিনীর বোমাবর্ষণে দায়েশের সামরিক কমান্ডার মোহান্নাদ হামেদ আল-মাকানি নিহত হয়েছে।
এদিকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অপরাধে দায়েশ জঙ্গিরা রোববার তাদের সাত সহ-সন্ত্রাসীকে হত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র আরবি ভাষার নিউজ চ্যানেল আস-সুমারিয়াকে জানিয়েছে, হাত-পা বাঁধা ওই সাত জঙ্গিকে গলা কেটে হত্যা করে দায়েশ।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭