৪০ জনকে হত্যা করে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রেখেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i25444-৪০_জনকে_হত্যা_করে_বৈদ্যুতিক_খুঁটিতে_ঝুলিয়ে_রেখেছে_দায়েশ
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরীতে ৪০ বেসামরিক ব্যক্তিকে বন্দি অবস্থায় হত্যা করেছে। জাতিসংঘ এ খবর জানিয়ে বলেছে, বিশ্বাসঘাতকতার অভিযোগে গুলি করে হত্যা করার পর তাদের লাশ শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখে জঙ্গিরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ০৩:০০ Asia/Dhaka
  • দায়েশ জঙ্গিদের পাশবিক হত্যাকাণ্ডের দৃশ্য (ফাইল ছবি)
    দায়েশ জঙ্গিদের পাশবিক হত্যাকাণ্ডের দৃশ্য (ফাইল ছবি)

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরীতে ৪০ বেসামরিক ব্যক্তিকে বন্দি অবস্থায় হত্যা করেছে। জাতিসংঘ এ খবর জানিয়ে বলেছে, বিশ্বাসঘাতকতার অভিযোগে গুলি করে হত্যা করার পর তাদের লাশ শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখে জঙ্গিরা।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের দপ্তর আরো জানিয়েছে, মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা না মানায় মসুলের সিটি সেন্টারের কাছে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

ইরাকের সেনাবাহিনী যখন দায়েশের হাত থেকে মসুল পুনরুদ্ধারের লক্ষ্যে সমন্বিত অভিযান চালাচ্ছে তখন এ পাশবিক হত্যাকাণ্ডের খবর এল।

মঙ্গলবার ৪০ বেসামরিক ব্যক্তিকে কমলা রঙের পোশাক পরিয়ে গুলি করে হত্যা করা হয়। এ সময় তাদের পোশাকের উপর লেখা ছিল ‘বিশ্বাসঘাতক ও ইরাকি সেনাবাহিনীর চর।’ এ হত্যাকাণ্ডের পরদিন বুধবার আরো ২০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করে দায়েশ। তথ্য পাচারের দায়ে বুধবার বিকেলে মসুলের ঘাবাত সামরিক ঘাঁটিতে এ হত্যাকাণ্ড চালায় দায়েশ জঙ্গিরা।

২০১৪ সালের জুন মাস থেকে মসুল দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীটি পুনর্দখলের লক্ষ্যে গতমাসে বিশাল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এরইমধ্যে মসুলের আশপাশের বহু এলাকা পুনর্দখলের পাশাপাশি পূর্ব দিক দিয়ে নগরীতে প্রবেশ করেছে সেনা সদস্যরা। সেখানে তারা দায়েশের পক্ষ থেকে প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২