পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ দায়েশমুক্ত হয়েছে: ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i25840-পূর্ব_মসুলের_এক_তৃতীয়াংশ_দায়েশমুক্ত_হয়েছে_ইরাক
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের পূর্ব পাশের এক-তৃতীয়াংশ উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের কবল থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাগদাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ০৪:৫৮ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল সা’দ মা’ন
    ব্রিগেডিয়ার জেনারেল সা’দ মা’ন

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের পূর্ব পাশের এক-তৃতীয়াংশ উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের কবল থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাগদাদ।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সা’দ মা’ন বলেছেন, “পূর্ব মসুলের এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা পুনর্দখল করেছে সেনাবাহিনী। দায়েশ জঙ্গিদের দখলে চলে যাওয়ার আগেও এই অংশটি অশান্ত ছিল।” মসুলের নিকটবর্তী কাইয়ারা বিমান ঘাঁটিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সা’দ মা’ন।

তিনি বলেন, পুনর্দখলকৃত এলাকাগুলো কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং মসুলের অন্যান্য এলাকা দায়েশমুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে।

ইরাকে দায়েশের সর্বশেষ বড় ঘাঁটি মসুল শহর মুক্ত করার জন্য গত ১৭ অক্টোবর থেকে বিশাল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে শিয়া ও সুন্নী স্বেচ্ছাসেবী যোদ্ধাদের পাশাপাশি কুর্দি পেশমার্গা বাহিনী অংশ নিয়েছে।

সেনাবাহিনী এরইমধ্যে নগরীর পূর্ব অংশ দিয়ে মসুলে ঢুকে পড়েছে এবং বর্তমানে সেখানকার একের পর এক এলাকা পুনর্দখল করছে। এসব এলাকায় দায়েশ জঙ্গিরা শক্ত প্রতিরোধ করে যাচ্ছে বলে জানিয়েছেন ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, মসুল মুক্ত করার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৯৫৫ জঙ্গি নিহত ও ১০৮ জন বন্দি হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬