তাল আফার বিমানবন্দর মুক্ত করেছে হাশদ আশ-শাবি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i25936-তাল_আফার_বিমানবন্দর_মুক্ত_করেছে_হাশদ_আশ_শাবি_যোদ্ধারা
ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি যোদ্ধারা মসুলের পশ্চিম দিকে অবস্থিত তাল আফার বিমানবন্দর দায়েশ জঙ্গিদের কবল থেকে মুক্ত করেছে। হাশদ আশ-শাবির মুখপাত্র ইউসিফ আল-কাল্লাবি ইরাকের সরকারি টিভিকে জানিয়েছেন, “তাল আফার বিমানবন্দর মুক্ত হয়েছে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৭, ২০১৬ ০৩:৫৮ Asia/Dhaka
  • তাল আফার বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে হাশদ আশ-শাবি যোদ্ধারা (১৬ নভেম্বর ২০১৬)
    তাল আফার বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে হাশদ আশ-শাবি যোদ্ধারা (১৬ নভেম্বর ২০১৬)

ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি যোদ্ধারা মসুলের পশ্চিম দিকে অবস্থিত তাল আফার বিমানবন্দর দায়েশ জঙ্গিদের কবল থেকে মুক্ত করেছে। হাশদ আশ-শাবির মুখপাত্র ইউসিফ আল-কাল্লাবি ইরাকের সরকারি টিভিকে জানিয়েছেন, “তাল আফার বিমানবন্দর মুক্ত হয়েছে।”

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মসুল শহর পুনর্দখলের ক্ষেত্রে তাল আফার বিমানবন্দর মুক্ত করাকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। মসুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে তাল আফার শহরটি সিরিয়ায় যাওয়ার প্রধান মহাসড়কের পাশে অবস্থিত। এ শহর দখল করতে পারলে সিরিয়া থেকে মসুলে দায়েশের সরবরাহ লাইন বন্ধ হয়ে যাবে।

হাশদ আশ-শাবি’র কমান্ডার হাদি আল-আমিরি বলেছেন, “তাল আফার হবে সব এলাকা মুক্ত করার শুরু। এখান থেকেই আমরা সিরিয়ার সীমান্ত পর্যন্ত, এমনকি সীমান্তের ওপারের সব এলাকা মুক্ত করব।” সিরিয়ার অভ্যন্তরে দায়েশের অবস্থানে হামলা চালাতে তাল আফার বিমানবন্দর ব্যবহার করা হবে বলে তিনি জানান।

দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুল পুনর্দখল করতে গত ১৭ অক্টোবর থেকে বিশাল অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। শিয়া  ও সুন্নি স্বেচ্ছাসেবী যোদ্ধাদের পাশাপাশি কুর্দি পেশমার্গা বাহিনী এ অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করছে।

স্বেচ্ছাসেবী যোদ্ধাদের বাহিনীর নাম পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি বাহিনী। অভিযানের শুরু থেকেই তাল আফার বিমানবন্দরসহ তাল আফার শহরটি মুক্ত করার দায়িত্ব নিয়েছিল হাশদ আশ-শাবির যোদ্ধারা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭