ইরাকে নারী অবমাননা ও মিথ্যাচারের দায়ে সৌদি সাংবাদিকদের বহিষ্কারের নির্দেশ
ইরাকের সেনাবাহিনী সৌদি আরবের দৈনিক আশ্ শারকুল আওসাতের সব সাংবাদিককে দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান যুদ্ধক্ষেত্র থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। দৈনিকটির বিরুদ্ধে ইরাকি নারীদের নিয়ে অপমানজনক রিপোর্ট প্রকাশেরও অভিযোগ আনা হয়েছে।
ইরাকি সেনাবাহিনীর এক কমান্ডারের উদ্ধৃতি দিয়ে সেদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, কোনো সাংবাদিক সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান সেনা অভিযানের ব্যাপারে খবরাখবর যদি আশ্ শারকুল আওসাত পত্রিকাকে সরবরাহ করে তাহলে তাকে ওই এলাকা থেকে বহিষ্কার করা হবে।
ওই সেনা কর্মকর্তা আরো বলেছেন, সৌদি দৈনিক আশ্ শারকুল আওসাত মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন খবরা-খবর প্রচার করে ইরাকি সেনাবাহিনীর সুনাম নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনী দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যে বিরাট সাফল্যের পরিচয় দিয়েছে তাকে ম্লান করাই ওইসব অপপ্রচারের উদ্দেশ্য।
এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির দফতর থেকে অভিযোগ করা হয়েছে, সৌদি দৈনিক আশ্ শারকুল আওসাত ইরাকি নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য প্রকাশের পর আমরা তাদেরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও তারা এখনো ক্ষমা চায়নি। বিশ্বস্বাস্থ্য সংস্থা 'হু'র উদ্ধৃতি দিয়ে দৈনিকটি গতকালের (রবিবার) সংখ্যায় লিখেছে, একদল ইরাকি নারী ইমাম হোসেন (আ.)এর শাহাদাতের চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে এবং অনেক গর্ভবতী নারীকেও সেখানে দেখা গেছে।
তবে বিশ্বস্বাস্থ্য সংস্থা দৈনিক আশ্ শারকুল আওসাতের ওই খবর প্রত্যাখ্যান করে বলেছে, তাদের উদ্ধৃতি দিয়ে এ ধরণের মিথ্যা খবর পরিবেশনের দায়ে দৈনিকটির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হবে। #
পার্সটুডে/ মোঃ রেজওয়ান হোসেন/২১