সন্ত্রাসীদের সমর্থন করায় নিরাপত্তা পরিষদের নিন্দা জানিয়েছে সিরিয়া
সিরিয়া বিষয়ে জরুরী বৈঠকে দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের অংশ নেয়ার অনুমতি দেয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কড়া নিন্দা জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি।
গতকাল (বুধবার) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি'র জরুরী অধিবেশনে পরিষদের তিনটি সদস্যদেশ অন্যান্য প্রতিনিধিদের সাথে কোনোরকম সমন্বয় না করেই সিরিয়া বিষয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করায় বাশার আল-জাফারি গভীর দুঃখ প্রকাশ করেন। মিশর, নিউজিল্যান্ড এবং স্পেনের মাধ্যমে উত্থাপন করা খসড়ায় যুদ্ধবিধ্বস্ত বিভক্ত আলেপ্পোতে ১০ দিনের মানবীয় যুদ্ধবিরতি পালনের প্রস্তাব করা হয়েছে।
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পশ্চিম অংশ সরকারি বাহিনী এবং পূর্ব অংশ বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করছে। সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখনো সক্রিয় এবং তারা বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে- নিরাপত্তা পরিষদকে উদ্দেশ্য করে জাফারি বলেন, রাজনৈতিক এ মঞ্চের অবসান ঘটানোর এখনই উপযুক্ত সময়।
এদিকে, সিরিয়ার চলমান সংঘাতময় পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিতালি চুরকিন জোর দিয়ে বলেছেন, দেশটিতে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধ করলে সেখানকার মানবীয় পরিস্থিতির উন্নতি ঘটবে না।#
পার্সটুডে/বাবুল আখতার/১