পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি শহীদ
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশে ইহুদিবাদী ইসরাইলি সেনারা আরো এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে শহীদ করেছে। ইসরাইলি সেনাদের ওপর ছুরিকাঘাত করার চেষ্টার অভিযোগে তাকে হত্যা করা হয় বলে তেল আবিব কর্তৃপক্ষ দাবি করেছে।
আজ (বৃহস্পতিবার) পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে ইসরাইলি সেনাবাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে ১৮ বছর বয়সি এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করা হয়। ওই কিশোর সেনাদের ওপর ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয় বলে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে।
আজকের হত্যাকাণ্ড নিয়ে ২০১৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কথিত ছুরিকাঘাতের অভিযোগে ইসলাইলি সেনারা ২৬৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে কথিত ছুরিকাঘাতের অভিযোগে ইসরাইলি সেনারা অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে বহু ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গুলি করে হত্যার ইসরাইলি নীতির কড়া নিন্দা জানিয়েছে। তারা আরো জানায়, ইসরাইলি সেনারা ঘটনাস্থলে এমন সব হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা ইসরাইলি সেনাদের জন্য প্রকৃত কোনো হুমকি সৃষ্টি করেনি।#
পার্সটুডে/বাবুল আখতার/৮