আলেপ্পো বিজয়ের উৎসব করছে নগরবাসী (ভিডিও)
সিরিয়ার সেনাবাহিনীর হাতে দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের সম্ভাব্য পতনের আনন্দে রাস্তায় নেমে উল্লাস করেছে নগরবাসী। সোমবার রাতে তারা রাস্তায় নেমে গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস প্রকাশ করে। এ সময় তাদের হাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবি ও জাতীয় পতাকা দেখা যায়।
সেনা কর্মকর্তারা বলেছেন, আলেপ্পোয় জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকার শতকরা ৯৯ ভাগ এলাকা পুনর্দখল করেছেন তারা। আর অল্প কিছু সময়ের মধ্যে তারা গোটা শহরের নিয়ন্ত্রণ নিয়ে ‘পূর্ণ বিজয়ের ঘোষণা’ দিতে পারবেন বলেও জানিয়েছেন তারা।
আলেপ্পোয় অবস্থানরত ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভির সংবাদদাতারা বলছেন, তাদেরকে শহরটি পুরোপুরি জঙ্গিমুক্ত হওয়ার খবর দিচ্ছেন কেউ কেউ।
এর আগে সোমবার লন্ডনভিত্তিক সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, সেনাবাহিনী গোটা আলেপ্পো পুনর্দখলের দ্বারপ্রান্তে রয়েছে। সংস্থার পরিচালক রামি আব্দুর রহমান বলেন, “আলেপ্পোয় সংঘর্ষের অবসান হতে যাচ্ছে। আর অল্প কিছু সময় বাকি। তার চেয়ে কমও নয় বেশিও নয়।” জঙ্গিরা নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহৃত নগরীর অন্তত ছয়টি এলাকা ছেড়ে চলে গেছে বলেও জানান তিনি।
গত চার বছর ধরে আলেপ্পোর পূর্ব অংশ দখল করে রেখেছিল বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা। এখন থেকে এক মাসেরও কম সময় আগে ওই অংশ পুনর্দখলের লক্ষ্যে সাঁড়াশি অভিযান শুরু করে সিরিয়ার সেনাবাহিনী। এ কাজে তাদেরকে বিমান সহায়তা দেয় রাশিয়া। আলেপ্পো ছিল সিরিয়ায় তৎপর জঙ্গিদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।
আলেপ্পো পুনর্দখলের ঘটনা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জঙ্গিবাদ বিরোধী প্রায় ছয় বছরের যুদ্ধে বিশাল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এই নগরী জঙ্গিদের হাতছাড়া হয়ে গেলে তুরস্কের সঙ্গে সিরিয়ার বিশাল সীমান্ত এলাকায় জঙ্গিদের সরবরাহ লাইন বন্ধ হয়ে যাবে। এর ফলে দেশটির অন্যান্য এলাকায় তৎপর সন্ত্রাসীদের মনোবল ভেঙে পড়বে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তাদের মতে, এখন সারাদেশ থেকে সন্ত্রাসীদের নির্মূলের কাজ অনেক বেশি সহজ হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩