রাজনৈতিক কর্মীকে মুক্তি দিতে বাহরাইন সরকারের প্রতি এইচআরডাব্লিউ’র আহ্বান
-
সাইয়্যেদ আলাভির ছবি হাতে বিক্ষোভ করছে জনতা
বাহরাইনের প্রখ্যাত রাজনৈতিক কর্মী সাইয়্যেদ আলাভিকে মুক্তি দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ।
প্রায় দুই মাস আগে আলাভিকে নিরাপত্তা বাহিনী ধরে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এ ছাড়া, তাকে কোথায় আটক রাখা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্যও প্রকাশ করা হচ্ছে না। ফলে তার পরিবারের পক্ষে তার সঙ্গে যোগাযোগ করা কিংবা তার পক্ষে আইনজীবী নিয়োগ দেয়াও সম্ভব হচ্ছে না।
নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ এক বিবৃতিতে বলেছে, বন্দির অবস্থান জানতে না দেয়ার পাশাপাশি তাকে আইনি সহায়তার বাইরে রাখা ‘বলপূর্বক গুম করে দেয়ার’ শামিল। কাজেই এ ব্যাপারে বাহরাইন সরকারকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে।
হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক উপ পরিচালক জো স্ট্রোক বলেছেন, আলাভির স্বচ্ছ বিচার পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে হচ্ছে এবং তার পরিবার তার নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে তা সম্পূর্ণ সঠিক।
৪৩ বছর বয়সি রাজনৈতিক কর্মী সাইয়্যেদ আলাভি বাহরাইনের টেলিযোগাযোগ কোম্পানি বাটেলকোতে কাজ করেন। গত ২৪ অক্টোবর তাকে ধরে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। তার স্ত্রী মজিদা নাসের এইচআরডাব্লিউকে বলেছেন, তিনি তার স্বামীর অবস্থান জানতে চাইলেও সরকার হয় কোনো তথ্য দিচ্ছে না নয়তো ভুল ও পরস্পরবিরোধী তথ্য জানাচ্ছে। আলাভিকে নিরাপত্তা বাহিনী নির্যাতন করে থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫