অস্ত্র-গোলাবারুদের ঘাটতিতে পড়েছে মসুলের দায়েশগোষ্ঠী
ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে লড়াইয়ে নিয়োজিত তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠ দায়েশের অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ যুদ্ধোপকরণে ঘাটতি দেখা দিয়েছে। এ কথা জানিয়েছেন দায়েশ বিরোধী আমেরিকার নেতৃত্বাধীন কথিত জোটের স্থলবাহিনীর দায়িত্ব নিয়োজিত মার্কিন আর্মি জেনারেল জোশেপ মার্টিন।
তিনি বলেন, দায়েশের চালানো কম কার্যকর সামরিক অভিযান থেকেই তাদের ঘাটতির বিষয়টি পরিষ্কার ভাবে ধরা পড়েছে। দায়েশ বিরোধী যুদ্ধের ক্ষেত্র এ পরিস্থিতিকে তিনি ‘ইতিবাচক ইঙ্গিত’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, দায়েশের কাছে সীমিত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। তাদের যুদ্ধের সক্ষমতা কমে আসছে এবং এ থেকে বোঝা যাচ্ছে তাদের ভাণ্ডারে টান পড়তে শুরু করেছে। তিনি জানান, তাদের আত্মঘাতী গাড়িবোমার সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে পাশাপাশি তাদের ঘরে তৈরি বোমার বিস্ফোরণ ক্ষমতা কমছে; এতে শত্রুর সক্ষমতা কমে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে।
অবশ্য দায়েশ কি পরিমাণ অস্ত্র মজুদ করে রেখেছে সে সম্পর্কে মার্কিন নেতৃত্বাধীন কথিত জোটের কোনো ধারণা নেই বলেও জানান তিনি।
পাশাপাশি তিনি বলেন, দুর্বল হয়ে পড়তে শুরু করা সত্ত্বেও দায়েশ এখনো হুমকি হয়েই রয়েছে।
হাশাদ আস শাবায়ি যোদ্ধাদের এবং কুর্দি পেশমার্গা বাহিনীর সমর্থনে ইরাকি বাহিনী অক্টোবরের ১৭ তারিখ থেকে মসুল মুক্ত করার যৌথ অভিযান শুরু করেছে।
হাজার হাজার বেসামরিক মানুষের উপস্থিতির কারণে ইরাকি বাহিনীর মসুলমুখী অগ্রাভিযানের গতি হ্রাস পেয়েছে। এ সব বেসামরিক ব্যক্তিদের অনেককেই মসুল ছাড়তে দিচ্ছে না দায়েশ।#
পার্সটুডে/মূসা রেজা/৩