‘আইএস’ নির্মূলে আন্তর্জাতিক গোয়েন্দা সহযোগিতা চাইলেন ইরাকি প্রধানমন্ত্রী
-
প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাক থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ নির্মূলে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তিনি আজ রাজধানী বাগদাদে বলেছেন, “দায়েশ নির্মূলের কাজ ত্বরান্বিত করার জন্য আমাদের আন্তর্জাতিক গোয়েন্দা সহযোগিতা প্রয়োজন।”
শুধু ইরাক নয় বরং বিশ্বের বহু শহর নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসী হামলার হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করে দেন এবাদি। কাজেই দায়েশের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে অঙ্কুরে বিনাশ করে দেয়ার জন্য তিনি বিশ্বের সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইরাকের প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট ও ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা সত্ত্বেও উত্তরাঞ্চলীয় মসুল শহরে দায়েশ বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে ইরাকি সেনাবাহিনী।
উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ২০১৪ সালের জুন মাসে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয়। এরইমধ্যে এসব এলাকার বেশিরভাগই পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। তবে উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুল এখনো দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের কবল থেকে শহরটি মুক্ত করার লক্ষ্যে গত অক্টোবরে বড় ধরনের অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী। এ অভিযান সফল করার জন্যই মূলত আন্তর্জাতিক গোয়েন্দা সহযোগিতা চাইলেন ইরাকি প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪