আফগানিস্তানে বোমা হামলায় আমিরাতের ৫ কূটনীতিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i30652-আফগানিস্তানে_বোমা_হামলায়_আমিরাতের_৫_কূটনীতিক_নিহত
আফগানিস্তানের কান্দাহার শহরে বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের পাঁচ কূটনীতিক নিহত হয়েছেন। আফগানিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের গভর্নর ভবনের গেস্টহাউজে গতকাল (মঙ্গলবার) ওই বোমা হামলা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১১, ২০১৭ ১২:৫৭ Asia/Dhaka
  • কান্দাহারের গভর্নর ভবনে বোমা হামলার পর পুলিশের প্রহরা
    কান্দাহারের গভর্নর ভবনে বোমা হামলার পর পুলিশের প্রহরা

আফগানিস্তানের কান্দাহার শহরে বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের পাঁচ কূটনীতিক নিহত হয়েছেন। আফগানিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের গভর্নর ভবনের গেস্টহাউজে গতকাল (মঙ্গলবার) ওই বোমা হামলা হয়।

আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম ওই পাঁচ কূটনীতিকের বিস্তারিত পরিচয় তুলে ধরেছে। এসব কূটনীতিক কান্দাহারে কয়েকটি অর্থনৈতিক প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন বলে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মাদ বিন রাশিদ আল-মাখতুম বোমার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, “সাহায্য করতে যাওয়া লোকের ওপর হামলা কোনো মানবতাবোধ, ধর্ম কিংবা নীতি থেকে গ্রহণযোগ্য হতে পারে না।”

গতকাল কান্দাহারের গভর্নর ভবনে বোমা হামলায় স্থানীয় ডেপুটি গভর্নরসহ ১১ জন নিহত ও ১৬ ব্যক্তি আহত হয়েছেন। আমরিকায় নিযুক্ত আফগানিস্তানের একজন কূটনীতিকও ওই হামলায় মারা গেছেন। একটি সূত্র জানিয়েছে, বৈঠকে বসার সোফার নিচে পেতে রাখা বোমার বিস্ফোরণে এ হত্যাকাণ্ড ঘটেছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১