দামেস্কের সেনা ঘাঁটিতে ইসরাইলি বিমান হামলা
-
হামলার পর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিম অংশে দেশটির বিমান বাহিনীর একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
দামেস্ক থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মাজ্জেহ সামরিক বিমানবন্দরে আজ (শুক্রবার) ভোররাতে এ হামলা চালানো হয়। এতে ভয়াবহ বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি বলে প্রেসটিভি জানিয়েছে।
ইহুদিবাদী জঙ্গিবিমানগুলো ওই বিমান ঘাঁটির একটি অস্ত্রাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর সেখানে আটটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
এর আগে গত মাসে একই বিমান ঘাঁটি লক্ষ্য করে ইসরাইলের ভেতর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেল আবিব। সিরিয়ার সেনাবাহিনী ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছিল, সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন জানাতে ইহুদিবাদী সরকার এ হামলা চালিয়েছে।
সিরিয়ার মাজ্জেহ বিমান ঘাঁটিতে দেশটির বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সদর দপ্তর অবস্থিত।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩