সৌদি যুদ্ধজাহাজে ইয়েমেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা (ভিডিও)
সৌদি আরবের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সমর্থিত সেনারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশের উপকূলে এ হামলার ঘটনা ঘটে।
ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলকে একটি সামরিক সূত্র গতকাল (সোমবার) জানিয়েছে, সেনারা সৌদি আরবের ‘মদিনা যুদ্ধজাহাজ’কে লক্ষ্য করে একটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় ওই জাহাজে ১৭৫ জন সৌদি সেনা ও একটি যুদ্ধ-হেলিকপ্টার ছিল। এ জাহাজ থেকে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় শহর ও জেলেদের ওপর হামলা চালানো হতো।
সৌদি নেতৃত্বাধীন জোট ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপনের চেষ্টা করেছে। তারা বলেছে, বড়জোর পাঁচজন হতাহত হয়েছে। তবে ইয়েমেনি সেনাদের সরবরাহ করা ফুটেজ থেকে দেখা গেছে- সৌদি যুদ্ধজাহাজের ওপর বিস্ফোরণ ঘটছে এবং জাহাজের ডেকে আগুন ধরে গেছে।
গত ২১ জানুয়ারি ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী শত্রু যুদ্ধজাহাজগুলোকে বাবুল মান্দেবে চলাচলের বিষয়ে সতর্ক করেছে। বাবুল মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১