ইয়েমেনে মার্কিন অভিযানের পর ৩ শহর দখল করেছে আল-কায়েদা
https://parstoday.ir/bn/news/west_asia-i32297-ইয়েমেনে_মার্কিন_অভিযানের_পর_৩_শহর_দখল_করেছে_আল_কায়েদা
ইয়েমেনে ২৯ জানুয়ারি মার্কিন কমান্ডো অভিযানের পর গত কয়েকদিনে দেশটির অন্তত তিনটি শহর দখল করে নিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা। মার্কিন ওই হামলায় বহুসংখ্যক আল-কায়েদার সদস্য নিহত হওয়ার দাবি করা হলেও সরেজমিনে তারাই আবার শহর দখলের ঘটনা ঘটিয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০১৭ ১৫:২২ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইয়েমেনে ২৯ জানুয়ারি মার্কিন কমান্ডো অভিযানের পর গত কয়েকদিনে দেশটির অন্তত তিনটি শহর দখল করে নিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা। মার্কিন ওই হামলায় বহুসংখ্যক আল-কায়েদার সদস্য নিহত হওয়ার দাবি করা হলেও সরেজমিনে তারাই আবার শহর দখলের ঘটনা ঘটিয়েছে।  

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আবিয়ান প্রদেশের লোদার, শাকরা ও আহওয়ার শহর দখল করেছে আল-কায়েদা। অথচ হোয়াইট হাউজ থেকে দাবি করা হচ্ছে- মার্কিন কমান্ডো হামলায় আল-কায়েদার ব্যাপক ক্ষতি হয়েছে এবং তাদের আস্তানা ধ্বংসে সফল হয়েছে মার্কিন নৌ কমান্ডো ‘সিল’। ওই হামলায় অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয় যার মধ্যে নারী ও শিশু রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী তাদের বেতন না পেয়ে নিজেদেরকে শহর রক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিলে আল-কায়েদার সন্ত্রাসীরা তিনটি শহর দখলে নেয়। তবে স্থানীয় লোকজন সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ করলে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার হুমকি দিলে লোদার ও শাকরা শহর থেকে চলে যায় আল-কায়েদার সন্ত্রাসীরা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩