আটক বন্দীদের গণহারে ফাঁসি দেয়ার খবর ভুয়া এবং মিথ্যা: সিরিয়া
-
সিরিয়ার বিচার মন্ত্রণালয়
সিরিয়ার একটি কারাগারে গোপনে প্রায় ১৩ হাজার বন্দীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে অভিযোগ তুলেছে দামেস্ক একে 'ভুল এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে।
সিরিয়ার দামেস্কের কাছে সেদনায়া কারাগারে ২০১১ সাল থেকে ২০১৫ সালের মধ্যে গণহারে বন্দীদের ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে দেশটির বিচার মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে তা প্রত্যাখান করেছে। মন্ত্রণালয় এসব খবরকে ভুয়া এবং মিথ্যা হিসেবে আখ্যায়িত করে বলেছে, আন্তার্জাতিক সমাজের কাছে সিরিয়া সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ণ করতেই অ্যামনেস্টি এ প্রতিবেদন ছেপেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়া সরকারের আইনের ভিত্তিতে কয়েক দফা মামলার মাধ্যমে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই দোষী ব্যক্তিদেরকে ফাঁসি দেয়া হয়েছে। এছাড়া, সিরিয়ার সেনা এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী যখন বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে একের পর এক বিজয় লাভ করছে এবং সিরিয়ার জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে তখন দেশটির সরকারের বিরুদ্ধে এসব বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৮