সিরিয় বাহিনীর নতুন অভিযানে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার
https://parstoday.ir/bn/news/west_asia-i33318-সিরিয়_বাহিনীর_নতুন_অভিযানে_সন্ত্রাসীরা_ব্যাপক_ক্ষয়ক্ষতির_শিকার
সিরিয়ার সেনাবাহিনী দেশটির স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে। এতে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১৫:৫০ Asia/Dhaka
  • সিরিয় বাহিনীর নতুন অভিযানে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার

সিরিয়ার সেনাবাহিনী দেশটির স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে। এতে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার খবর পাওয়া গেছে।

রাজধানী দামেস্কের ৪৫০ কিলোমিটার উত্তর-পূর্ব অংশে দেইর আয জোর বিমান ঘাঁটির ওপরে দায়েশের একটি ড্রোন সিরিয় বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থান এবং চলাচল সম্পর্কে তথ্য সংগ্রহ করার লক্ষ্যে দায়েশ ড্রোনটি পাঠিয়েছিল বলে মনে করা হচ্ছে।  

এছাড়া, সিরিয়ার সামরিক ইউনিট দেইর আয-জোরের পূর্ব উপকণ্ঠে অবস্থিত জাফরা গ্রামে দায়েশের অবস্থানে হামলা চালালে কয়েক ডজন সন্ত্রাসী হতাহত হয়েছে। সিরিয় সেনাবাহিনী জাবহাত ফাতেহ আশ-শাম সন্ত্রাসী গোষ্ঠীর একটি যুদ্ধ ট্যাংকও ধ্বংস করেছে। সাবেক উগ্র গোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট সম্প্রতি জাবহাত ফাতেহ আশ-শাম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

অন্যদিকে, সিরিয়ার সেনাবাহিনী ইউনিটগুলো মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের আয়েদ আস হাসুন পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালালে পাঁচ জন নিহত হয়। সিরিয় জঙ্গিবিমান পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের আল সালামিয়া এলাকার  হামাদা আল ওমার গ্রামে দায়েশের ঘাঁটিতে বোমা বর্ষণ করলে আট সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, ইদলিব প্রদেশে সিরিয় জঙ্গিবিমান হামলায় আরো ২৯ তাকফিরি সন্ত্রাসী নিহত হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২১