মসুল বিমানবন্দর দায়েশমুক্ত হয়েছে: সংবাদ মাধ্যম
https://parstoday.ir/bn/news/west_asia-i33434-মসুল_বিমানবন্দর_দায়েশমুক্ত_হয়েছে_সংবাদ_মাধ্যম
ইরাকের সেনাবাহিনী তাকফিরি দায়েশের কাছ থেকে মসুল বিমানব্ন্দর পুনরুদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে । মসুল শহরের পশ্চিম অংশ তাকফিরি দায়েশের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে ইরাকি সেনাবাহিনী যখন নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করেছে তখন এ সাফল্যের খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ১৩:৫০ Asia/Dhaka
  • মসুল বিমানবন্দর দায়েশমুক্ত হয়েছে: সংবাদ মাধ্যম

ইরাকের সেনাবাহিনী তাকফিরি দায়েশের কাছ থেকে মসুল বিমানব্ন্দর পুনরুদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে । মসুল শহরের পশ্চিম অংশ তাকফিরি দায়েশের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে ইরাকি সেনাবাহিনী যখন নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করেছে তখন এ সাফল্যের খবর এলো।

আজ (বৃহস্পতিবার) বিমানবন্দরটি দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে ইরাকি সেনা এবং সহযোগী বাহিনী অভিযান শুরু করার কয়েক ঘন্টা পর তারা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয় বলে ইরাকি সংবাদ মাধ্যম জানিয়েছে। আজ সকালে ফেডারেল পুলিশ বাহিনীর কমান্ডার লে. জেনারেল রায়েদ শাকের জাওদাত এক বিবৃতিতে ইরাকি সেনাবাহিনীর এ অভিযানের কথা জানিয়েছিলেন।অভিযানে  ইরাকের ফেডারেল পুলিশ সদস্যের পাশাপাশি বিশেষ বাহিনী অংশ নিয়েছে বলে বিবৃতিতে বলা হয়। ইরাকের আল-সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

অভিযানে সরকারি বাহিনীকে বিমানবাহিনীর হেলিকপ্টার গানশিপ এবং আর্টিলারি ইউনিটগুলো সহায়তা দেয়ার কথা জানান জেনারেল শাকের। এতে দায়েশের বহু আস্তানা ধ্বংস হয়। এছাড়া, অভিযান শুরুর কয়েক ঘন্টা পর ইরাকি বাহিনী বিমানবন্দর সংলগ্ন দেয়ালের কাছে পৌঁছাতে সক্ষম হয় বলে খবর পাওয়া গেছে।

এর আগে ইরাকি বিশেষ বাহিনীর কমান্ডার হিশাম আব্দুল কাদেমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছিলেন, 'এই মুহূর্তে আমরা মসুল বিমানবন্দরের দক্ষিণ প্রান্ত এবং চিনিকলের কাছে অবস্থান করছি। আমাদের বাহিনী সেখানে হামলা চালাচ্ছে।'

এছাড়া, নেইনাভার প্রাদেশিক রাজধানী মসুলের অপারেশনস কমান্ডের প্রধান মেজর জেনারেল নাজিম আল-জাবুরি  জানিয়েছিলেন, ঘাজলানি বিমান ঘাঁটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার করার লক্ষ্যে সেনাবাহিনী সেদিকে অগ্রসর হচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩