সিরিয়া ভূপাতিত করল ইসরাইলের গোয়েন্দা ড্রোন
সিরিয়ার সেনাবাহিনী ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করেছে। গোলান উপত্যকায় সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের পরই ড্রোনকে ভূপাতিত করা হয়।
সিরিয় সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের একটি স্কাইলার্ক ড্রোনকে কুনেইত্রা প্রদেশে ভুপাতিত করা হয়েছে। ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী।
এদিকে, সামাজিক মাধ্যমে ভূপাতিত ড্রোনের ছবি প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ছোট আকারের এ গোয়েন্দা ড্রোন আকাশে উড়াতে এক বা দু’জন ব্যক্তির প্রয়োজন পড়ে। অবশ্য এটি নির্ভর করে ড্রোনের মডেলের ওপর। আকাশে ওড়ার পর ভূপৃষ্ঠের ঘাঁটিতে লাইভ ভিডিও ফুটেজ পাঠাতে থাকে এ ড্রোন।
ড্রোন কী পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে সে বিষয়ে তদন্ত করার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী। তবে, সিরিয়ার সেনাবাহিনী বিধ্বস্ত ড্রোন থেকে গোপন তথ্য হাতিয়ে নিতে পারে নি বলে দাবি করছে ইহুদিবাদীরা।#
পার্সটুডে/মূসা রেজা/২১