ইরাকি বিমান হামলায় দুই সিনিয়র সহযোগীসহ দায়েশের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i35518-ইরাকি_বিমান_হামলায়_দুই_সিনিয়র_সহযোগীসহ_দায়েশের_দ্বিতীয়_শীর্ষ_নেতা_নিহত
তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশের দ্বিতীয় শীর্ষ নেতা ইরাকের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে। একই হামলায় জঙ্গি এই গোষ্ঠীর আর দুই সিনিয়র কমান্ডার প্রাণ হারিয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০২, ২০১৭ ১১:৫৫ Asia/Dhaka
  •   ইরাকি  বিমান হামলায় দুই সিনিয়র সহযোগীসহ দায়েশের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশের দ্বিতীয় শীর্ষ নেতা ইরাকের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে। একই হামলায় জঙ্গি এই গোষ্ঠীর আর দুই সিনিয়র কমান্ডার প্রাণ হারিয়েছে। 

ইরাকের সুমেরিয়া নিউজ জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনরি তথ্য-বিভাগ জানিয়েছে, ‘আবু ইয়াহিয়া’ নামে পরিচিত দায়েশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা 'আইয়াদ হামিদ খালাফ আল জুমাইলি' গতকাল শনিবার ইরাকি বিমান হামলায় আল-আনবার প্রদেশের আল-কায়েম শহরে নিহত হয়েছে। ইয়াহিয়া ছিল দায়েশের গোয়েন্দা ও কথিত গণ-নিরাপত্তা বিভাগের প্রধান এবং সে ছিল আবু বকর বাগদাদির পরই এই জঙ্গি গোষ্ঠীর সর্বোচ্চ নেতা। কোনো কোনো সংবাদ সূত্রে আবু ইয়াহিয়াকে দায়েশের যুদ্ধ-মন্ত্রী বলে উল্রেখ করেছে। 

এ ছাড়াও ইরাকি বিমান হামলায় নিহত হয়েছে দায়েশের সামরিক শাখার প্রধান কর্মকর্তা 'তুর্কি জামাল আদদালিমি' ওরফে ‘আবু হাজের’ এবং এই জঙ্গি গোষ্ঠীর প্রশাসনিক বিভাগের প্রধান কর্মকর্তা সালেম 'মুজাফফর আল আজমি' ওরফে ‘আবু খাত্তাব’।  

মার্কিন সরকারসহ পশ্চিমাদের সহযোগী কয়েকটি রাজতান্ত্রিক আরব সরকার, তুরস্ক ও ইসরাইলের মদদে গড়ে-ওঠা দায়েশ এখন ইরাকে ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ের রয়েছে। জঙ্গি এই গোষ্ঠী এখন মূলত ইরাকের পশ্চিম মসুলেই অবরুদ্ধ হয়ে আছে। পশ্চিম মসুলের ২০ থেকে ২৫ শতাংশ এলাকা এখনও দখলে রেখেছে এই সন্ত্রাসী গোষ্ঠী।  # 

পার্সটুডে/মু.আ.হুসাইন/২