‘মার্কিন হামলা সিরিয়াকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই থেকে বিরত রাখতে পারবে না’
সিরিয়া কঠোর ভাষায় দেশটির ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে। সিরিয়ার হোমস প্রদেশের একটি বিমান ঘাঁটির বিরুদ্ধে চালানো মার্কিন হামলাকে আগ্রাসী তৎপরতা হিসেবে অভিহিত করেছে দামেস্ক। অন্যদিকে ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী জোট এ হামলাকে স্বাগত জানিয়েছে।
আজ (শুক্রবার) ভোরে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটির কয়েকটি অবস্থানে প্রায় ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। গত মঙ্গলবার ইদলিবে চালানো রাসায়নিক হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে দায়ী করে এ হামলা চালায় মার্কিন বাহিনী। অবশ্য হামলায় সিরিয়া জড়িত থাকার কথিত অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারে নি আমেরিকা।
হোমসের গভর্নর তালাল বারাজানি বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা সশস্ত্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উদ্দেশ্য হাসিল করেছে। তিনি বলেন, মার্কিন এ আগ্রাসন সিরিয়া সরকারকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই থেকে বিরত রাখতে পারবে না। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।
বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের জোট ন্যাশনাল কোয়ালিশন মার্কিন আগ্রাসনকে স্বাগত জানিয়েছে। এ ছাড়া, সিরিয় বাহিনীর বিমান হামলার সক্ষমতা খর্ব করে দেয়ার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছ এ জোট।
সিরিয়ার বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। সন্ত্রাসীদের সঙ্গে সুর মিলিয়ে ট্রাম্পের সিরিয়ায় হামলার সিদ্ধান্তকে 'সাহসী পদক্ষেপ' বলে অভিহিত করেছে।
এদিকে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর সিরিয়ায় মার্কিন হামলায় ঘটনায় উৎসবে মেতে উঠেছে। খুব ভোরে নেতানিয়াহুর দফতর থেকে দেয়া বিবৃতিতে স্বাগত জানিয়ে এ হামলাকে 'সাহসী পদক্ষেপ' হিসেবে অভিহিত করা হয়।
এ দিকে, এ হামলার কয়েক ঘণ্টা আগে দেয়া বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে মার্কিন হামলাকে স্বাগত জানাবে তুরস্ক।
অন্যদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে ল্যাতিন আমেরিকার দেশ বলিভিয়া। এ ছাড়া, রাশিয়াও নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করবে বলে জানিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৭