মসুলে দায়েশ রাসায়নিক হামলা করেছে: স্বীকার করল আমেরিকা
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ ইরাকের মসুল নগরীতে রাসায়নিক হামলা করেছে বলে নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। ইরাকি বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে এ রাসায়নিক হামলা করা হয়েছে।
ইরাকি বাহিনী গত শনিবারে বলেছে, পশ্চিম মসুলের সদ্যমুক্ত আল-আবার এলাকায় রাসায়নিক হামলা করেছে দায়েশ সন্ত্রাসীরা। এ সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এবং আইএস নামেও পরিচিত। রাসায়নিক হামলায় তারা ক্লোরিন ভর্তি গোলা নিক্ষেপ করেছে। এতে অন্তত সাত ইরাকি সেনার মারাত্মক শ্বাস কষ্ট হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার মেজর জেনারেল জোসেফ মার্টিন বলেছেন, রাসায়নিক হামলা করেছে দায়েশ তবে এতে কেউ নিহত হয়নি।
ওই এলাকায় অবস্থিত ইরাকি বাহিনী এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি। অবশ্য তিনি বলেন, হামলায় কি ধরণের রাসায়নিক ব্যবহার করা হয়েছে তা নির্ধারণ করা হয়নি। এর নতুন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
২০১৪ সালে মসুল দখল করেছে বিদেশী মদদপুষ্ট দায়েশ। সে থেকে অনেকবারই ইরাকি বাহিনী এবং বেসামরিক মানুষদের ওপর রাসায়নিক হামলা করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০