ইরাকে সেনা অভিযানে ৩০ দায়েশ সন্ত্রাসী নিহত
ইরাকে স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় চলমান সেনা অভিযানে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ৩০ সন্ত্রাসী নিহত হয়েছে।
ইরাকের একটি সামরিক সূত্র এ খবর জানিয়ে বলেছে, বিমান বাহিনীর পৃষ্ঠপোষকতায় ও স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় আল আনবার প্রদেশের আল-মালাহা এলাকায় এক অভিযানে ওই ৩০ দায়েশ সন্ত্রাসী নিহত হয়। এ ছাড়া, সেনাবাহিনী দায়েশের একটি আস্তানাও দখল করতে সক্ষম হয়েছে।
ইরাকের দিয়ালা প্রদেশের এক কর্মকর্তা অপর এক খবরে সালাউদ্দিন ও দিয়ালা প্রদেশের মধ্যবর্তী আল-বুবাকার স্থানে বেশ কয়েজন দায়েশ জঙ্গির নিহত হওয়ার কথা জানিয়ে বলেছেন, অভ্যন্তরীণ কোন্দলে তারা নিহত হয়েছে। দায়েশের দুই গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চলে।
এদিকে, ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, কিরকুক প্রদেশের হোয়াইজা শহরে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার অপরাধে দায়েশ সন্ত্রাসীরা তাদের ১৪ জন সদস্যকে হত্যা করেছে। ২০১৪ সাল থেকে কিরকুক দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ পর্যন্ত দেড় লাখের বেশি অধিবাসী সেখান থেকে পালিয়ে গেছে।#
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২