মসুলে ‘শেষ নিঃশ্বাস’ নিচ্ছে দায়েশ: ইরাকি কমান্ডার
-
মসুলে ইরাকি সেনাবাহিনীর অগ্রাভিযান (ফাইল ছবি)
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ ইরাকের মসুল শহরে শেষ নিঃশ্বাস নিচ্ছে বলে জানিয়েছেন একজন ইরাকি সেনা কমান্ডার।
ফার্স্ট লে. নওফল আধ-ধারি বলেছেন, “এখন তারা মৃত্যুর আগের শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছে। সম্পূর্ণ ঘেরাও হয়ে পড়েছে তারা…বর্তমান গতিতে এগুতে থাকলে আর কয়েকদিনের মধ্যে আমরা তাদের শেষ করে দেব।”
প্রায় সাত মাস আগে দায়েশের কাছ থেকে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে ইরাকি সেনাবাহিনী। এ পর্যন্ত ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীর বেশিরভাগ এলাকা পুনর্দখল করেছে তারা।
বর্তমানে শহরের গ্রান্ড আন-নুরি মসজিদ ও এর আশপাশের এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে দায়েশ সন্ত্রাসীরা। ২০১৪ সালে এই মসজিদ থেকে কথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন জঙ্গি নেতা আবুবকর আল-বাগদাদি।
আরেকজন ইরাকি কমান্ডার জানিয়েছেন, পবিত্র মাহে রমজান শুরু হওয়ার আগেই তারা মসজিদটি পুনরুদ্ধার করতে চান। লে. জেনারেল ওসমান আল-ঘানমি বলেছেন, তাদের হামলায় দায়েশের প্রতিরোধ ব্যুহ তছনছ হয়ে গেছে এবং আল্লাহ চাইলে রমজানের আগেই তারা জনগণকে সম্পূর্ণ মসুল পুনরুদ্ধারের সুখবর দিতে পারবেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬