আগামী কয়েকদিনের মধ্যে মসুল দায়েশমুক্ত হবে: প্রেসিডেন্ট মাসুম
-
প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম
ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম আশা প্রকাশ করে বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিম মসুল পুনরুদ্ধারের মাধ্যমে গোটা মসুল শহরকে উগ্র সন্ত্রাসীমুক্ত করা হবে। ইরাকের বিশেষ বাহিনীর সদস্যরা মসুলে তাদের অভিযানের সমাপ্তি ঘোষণা করার পর এ আশাবাদ ব্যক্ত করলেন প্রেসিডেন্ট মাসুম।
জর্দানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের আঞ্চলিক দেশগুলোর সম্মেলনে দেয়া ভাষণে মাসুম বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেছে ইরাক। আগামী কয়েক দিনের মধ্যে গোটা মসুল থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একইসঙ্গে তিনি মসুল শহর পুনর্গঠনে পুঁজি বিনিয়োগের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। ২০১৪ সালের জুন মাসে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ এই নগরী দখল করে নিয়েছিল।
প্রেসিডেন্ট মাসুম বলেন, যুদ্ধে শহরটির অপূরণীয় ক্ষতি হয়েছে এবং সেখানে ‘ভয়ঙ্কর’ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ঐক্য ও সংহতি হচ্ছে একটি শক্তিশালী ইরাকের চাবিকঠি এবং দেশকে দায়েশমুক্ত করতে পারলে ইরাক বিশ্বের বুকে আবার তার হারানো গৌরব ফিরে পাবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে, ইরাকের বিশেষ বাহিনী মসুলে তাদের প্রাথমিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো মুক্ত করার কাজে সেনাবাহিনীকে সহযোগিতা করার পর এ ঘোষণা দিল ওই বাহিনী। বিশেষ বাহিনীর মুখপাত্র সাবাহ আন-নুমান বলেছেন, প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি নির্দেশ দিলেই আবার যেকোন বাহিনীকে সহায়তা দিতে এগিয়ে যাবে বিশেষ বাহিনীর সদস্যরা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১