ঈসা কাসিমকে স্থগিত কারাদণ্ড দিয়েছে বাহরাইন
-
শেখ ঈসা কাসিম
বাহরাইনের একটি আদালত দেশটির বর্ষিয়ান আলেম শেখ ঈসা কাসিমকে স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছে। তবে তাকে এখনই দু লাখ ৬৫ হাজার ডলার জরিমানা দিতে হবে।
আদালতের রায় অনুসারে বিশিষ্ট এ আলেমকে এক বছরের জন্য কারাদণ্ড ভোগ করতে হবে তবে তা তিন বছরেরর জন্য স্থগিত রাখা হয়েছে। শেখ ঈসা কাসিম হচ্ছেন- বাহরাইনের বিলুপ্ত করে দেয়া রাজনৈতিক জোট আল-ওয়েফাকের আধ্যাত্মিক নেতা।
গত বছরের জুন মাসে শেখ ঈসা কাসিমকে ‘বিদেশি স্বার্থে দেশের ভেতরে সাম্প্রদায়িকতা ও সহিংসতা উসকে দেয়ার জন্য’ অভিযুক্ত করা হয় এবং তার নাগরিকত্ব কেড়ে নেয় বাহরাইনের রাজতান্ত্রিক হামাদ বিন ঈসা আলে খলিফার সরকার। এছাড়া, তার ৮০ লাখ ডলার মূল্যের সম্পদ ও দুটি বাড়ি জব্দ করার নির্দেশ দিয়েছে।
শেখ কাসিমকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি তার অফিসের দুই কর্মী হোসেইন আল-কাসসাব ও মির্জা আল-দিরাজিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে। বাহরাইনের আদালতের এসব আদেশের বিরুদ্ধে বাহরাইনে হাজার হাজার মানুষ আজ (রোববার) রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। বাহারাইনের আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামি সোসাইটি বলেছে, শেখ ঈসা কাসিমকে কারাদণ্ড দিয়ে সরকার দেশকে নতুন সংকটের মধ্যে ফেলে দিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১