মিশরে বাসে গুলি চালিয়ে ৩৫ জনকে হত্যা; বেশিরভাগই শিশু
মিশরের মিনইয়া প্রদেশে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আজ (শুক্রবার) একটি উপাসনালয়ে যাওয়ার পথে হামলার এ ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে।
দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি নিরাপত্তা বিষয়ে জরুরি বৈঠক ডেকেছেন। মিশরের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী কায়রোর ২২০ কিলোমিটার দক্ষিণে এই হামলা চালানো হয়। এর দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ওই এলাকায় পৌঁছে তল্লাসি শুরু করেছে। বলা হচ্ছে, পাঁচজন অস্ত্রধারী ওই হামলা চালিয়েছে এবং তাদের গায়ে ছিল নিরাপত্তা বাহিনীর পোশাক।
খ্রিস্টানরা মিশরের সংখ্যালঘু শ্রেণি। এই খ্রিস্টানদের বেশির ভাগই কপটিক। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার তাদের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠনগুলো।
চলতি বছরের এপ্রিলে মিসরের তান্তা ও আলেকজান্দ্রিয়ায় দুটি গির্জায় বোমা হামলায় বহু মানুষ হতাহত হন। এ ছাড়া ২০১৬ সালের ডিসেম্বরে কায়রোতে সবচেয়ে বড় কপটিক গির্জায় বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়। আহত হয় আরো ৪৯ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল। মুসলিম নেতারা এ ধরনের সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬