মসুল পুনরুদ্ধারের চূড়ান্ত অভিযান আবার শুরু করেছে ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i38812-মসুল_পুনরুদ্ধারের_চূড়ান্ত_অভিযান_আবার_শুরু_করেছে_ইরাকি_বাহিনী
তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের সর্বশেষ উত্তরাঞ্চলীয় মসুল শহর পুনরুদ্ধার করার লক্ষ্যে দেশটির নিরাপত্তা বাহিনী চূড়ান্ত অভিযান শুরু করেছে। ইরাক ভূখণ্ডে দায়েশ সন্ত্রাসীরা যখন একের পর এক পরাজয়ে শিকার হচ্ছে তখন দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানের খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৭ ১৪:৪৪ Asia/Dhaka
  • মসুলে ইরাকি বাহিনীর অভিযান
    মসুলে ইরাকি বাহিনীর অভিযান

তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের সর্বশেষ উত্তরাঞ্চলীয় মসুল শহর পুনরুদ্ধার করার লক্ষ্যে দেশটির নিরাপত্তা বাহিনী চূড়ান্ত অভিযান শুরু করেছে। ইরাক ভূখণ্ডে দায়েশ সন্ত্রাসীরা যখন একের পর এক পরাজয়ে শিকার হচ্ছে তখন দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানের খবর এলো।

মসুল পুনরুদ্ধার করার অভিযান আবার শুরু হয়েছে বলে ইরাকি সেনাবাহিনী আজ (শনিবার) এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে। মসুলের পুরাতন অংশ থেকে নিরাপত্তা করিডর দিয়ে পালিয়ে যাওয়ার আহ্বান সম্বলিত লিফলেট ইরাকি বিমান বাহিনী নিক্ষেপ করার একদিন পর দেশটির নিরাপত্তা বাহিনী এ চূড়ান্ত অভিযান শুরু করল।

গতকাল (শুক্রবার) মানবাধিকার বিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও'ব্রাইন বলেছেন, আগামী কয়েকদিনে ২ লাখ মানুষ মসুল ছেড়ে পালিয়ে যেতে পারে। এদিকে, এরই মধ্যে ৭ লাখ ৬০ হাজার মানুষ গোলযোগপূর্ণ মসুল ছেড়ে পালিয়ে গেছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।

মসুলে আটকে পড়া লোকজন ব্যাপক খাদ্য, পানি এবং জ্বালানী সংকটের মুখে পড়ার পাশাপাশি তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার সুযোগটুকুও পাচ্ছেন না। এদিকে, আগামী কয়েক দিনের মধ্যে গোটা মসুল থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূল করা সম্ভব হবে বলে ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম গত ২১ মে আশা প্রকাশ করেছিলেন।#

পার্সটুডে/বাবুল আখতার/ ২৭