ইয়েমেন থেকে কাতারের সেনা প্রত্যাহার: আরো ৪৫ সৌদি ভাড়াটে সেনা হতাহত
ইয়েমেনের তায়েজ প্রদেশে সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনীর হামলায় সৌদি আরবের অন্তত ৪৫ জন ভাড়াটে সেনা হতাহত হয়েছে।
সৌদি আরবের অনুগত এসব ভাড়াটে সেনারা আজ সকালে তায়েজ প্রদেশে হামলা চালালে ইয়েমেনি যোদ্ধারা পাল্টা অভিযান চালিয়ে তা প্রতিহত করতে সক্ষম হয়। ইয়েমেনের আল নাজম্ আল সাকাব বার্তাসংস্থা জানিয়েছে, ওই সংঘর্ষে ১২ সৌদি ভাড়াটে সেনা নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।
ইয়েমেনের সরকারী সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনীর যৌথ অভিযানে বেশ কিছু সংখ্যক সৌদি সেনা ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনা নিহত হয়েছে।
এদিকে, তুরস্কের আনাতলি বার্তাসংস্থা আজ জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী কাতার তাদের সব সেনা দেশে ফিরিয়ে এনেছে। কাতারের সেনারা গত দুই বছর ধরে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল। সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোটের কেন্দ্রীয় দফতরও এই জোট থেকে কাতারের বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছে।
সৌদি আরব, আমিরাত, মিশর ও বাহরাইন গত সোমবার সন্ত্রাসীদের সমর্থন দেয়া ও এ অঞ্চলের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপরই কাতার ইয়েমেন থেকে তাদের সেনা দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেয়।#
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/৭