মার্কিন হামলায় বিধ্বস্ত সিরিয়ার জঙ্গিবিমানের পাইলট বেঁচে আছেন
https://parstoday.ir/bn/news/west_asia-i40520-মার্কিন_হামলায়_বিধ্বস্ত_সিরিয়ার_জঙ্গিবিমানের_পাইলট_বেঁচে_আছেন
সিরিয়ার রাকা প্রদেশে মার্কিন হামলায় ভূপাতিত দেশটির সেনাবাহিনীর জঙ্গিবিমানটির পাইলট অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২০, ২০১৭ ০০:৫৭ Asia/Dhaka
  • রুশ-নির্মিত সিরিয়ার একটি সুখোই এসইউ-২২ জঙ্গিবিমান (ফাইল ছবি)
    রুশ-নির্মিত সিরিয়ার একটি সুখোই এসইউ-২২ জঙ্গিবিমান (ফাইল ছবি)

সিরিয়ার রাকা প্রদেশে মার্কিন হামলায় ভূপাতিত দেশটির সেনাবাহিনীর জঙ্গিবিমানটির পাইলট অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন।

রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, রাকা প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শুওয়াইহাত গ্রাম থেকে বিমানটির পাইলট ক্যাপ্টেন আলী ফাহাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী।

রোববার সিরিয়ার জঙ্গিবিমানটিকে মার্কিন বাহিনী গুলি করে ভূপাতিত করার আগে প্যারাস্যুট ব্যবহার করে সাফল্যের সঙ্গে এটি থেকে বেরিয়ে যান ক্যাপ্টেন ফাহাদ। রুশ-নির্মিত সুখোই এসইউ-২২ জঙ্গিবিমান থেকে বেরিয়ে যাওয়ার পর সুওয়াইত গ্রামের কাছে নেমে আসেন এর পাইলট।

এর আগে রোববার রাতে সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করে, তাদের একটি ফাইটার প্লেনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর পরপরই সিরিয়ায় তৎপর মার্কিন বাহিনী দাবি করে, তারা তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নিরাপত্তা দিতে জঙ্গিবিমানটিকে ভূপাতিত করেছে।

সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড রোববার রাতে এক বিবৃতিতে এই ঘটনাকে ‘সুস্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করে বলেছে, সন্ত্রাস বিরোধী হামলায় নিয়োজিত বিমান ভূপাতিত করে আমেরিকা সন্ত্রাসবাদের ব্যাপারে নিজের প্রকৃত অবস্থান পরিষ্কার করে দিয়েছে।

এই হামলার মাধ্যমে দায়েশের সঙ্গে আমেরিকার গোপন আঁতাতের বিষয়টি ফুটে উঠেছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, এমন সময় আমেরিকা সিরিয়ার জঙ্গিবিমান ভূপাতিত করল যখন দায়েশ বিরোধী যুদ্ধে সুস্পষ্ট সাফল্য পাচ্ছিল দামেস্ক। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০