সিরিয়ার বিরুদ্ধে ইসরাইল পূর্ণাঙ্গ যুদ্ধের পরীক্ষা চালাচ্ছে: বিশ্লেষক
-
ইসরাইলি জঙ্গিবিমান
গোলান মালভূমির কাছে সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থানে গতকাল (শনিবার) বিমান হামলা চালিয়েছে ইহুবাদী ইসরাইল। অধিকৃত এলাকায় কয়েকটি মর্টারের গোলা আঘাত হানার পর ইসরাইলি জঙ্গিবিমান ওই হামলা চালায়। সিরিয়ার সেনাবাহিনী হামলার কথা নিশ্চিত করে বলেছে, একটি আবাসিক ভবনে ইসরাইল হামলা চালিয়েছে এবং এতে বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ সম্পর্কে ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকার ইনস্টিটিউট ফর হিস্টোরিক্যাল রিভিউ’র পরিচালক মার্ক ওয়েবার বলেছেন, গোলান মালভূমিতে মাঝেমধ্যে হামলা চালিয়ে ইসরাইল সিরিয়ার ওপর পূর্ণাঙ্গ আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, সিরিয়ার অবস্থানে এই হামলা ততটা গুরুত্বপূর্ণ নয় তবে তারা ভবিষ্যতে অনেক বড় হামলার প্রস্তুতি নিচ্ছে।
ইসরাইল এ ধরনের ছোটখাট হামলার মাধ্যমে আন্তর্জাতিক সমাজের মনোভাব বুঝতে চায় যে, মধ্যপ্রাচ্যে এ ধরনের যুদ্ধ ছড়িয়ে দেয়ার বিষয়টিকে তারা কীভাবে মোকাবেলা করে। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউরোপের মতামত; তারা যদি ইসরাইল ও আমেরিকার যুদ্ধে রাশ টেনে না ধরে তাহলে ইসরাইল অনেক বড় ধ্বংসাত্মক সামরিক হামলার চালাবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫