অজানা কারণে ইসরাইলে নোঙ্গর করেছে মার্কিন বিমানবাহী রণতরি
ইহুদিবাদী ইসরাইলের হাইফা বন্দরের কাছে নোঙ্গর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ডব্লিউ বুশ । ১৭ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী রণতরি ইহুদিবাদী ইসরাইলে ভিড়ল।
ইসরাইলের উত্তরাঞ্চলীয় বন্দর হাইফা বন্দর থেকে মাত্র চার মাইল দূরে নোঙ্গর করেছে এটি। আকারে অনেক বড় হওয়ায় ৩৩৩ মিটার দীর্ঘ রণতরি হাইফায় সরাসরি নোঙ্গর করতে পারবে না।
হাইফাতে এটি ভেড়ার কারণ জানা যায়নি। চারদিন হাইফাতে অবস্থানের পর আবার এটি তৎপরতা চালাতে চলে যাবে। তবে মার্কিন স্বাধীনতা দিবস ৪ জুলাই এর ক্রুরা ইসরাইল সফর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী অ্যাভগাডোর লিবারমেন সোমবার এ রণতরি পরিদর্শন করবেন। এ সময়ে হাইফার মেয়র তাদের সঙ্গে যোগ দিবেন।
সিরিয়া এবং ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর বিরুদ্ধে কথিত অভিযানে মার্কিন জোটের বিমান হামলায় তৎপর রয়েছে এটি। এতে পাঁচ থেকে ছয় হাজার ক্রু এবং ৯০ বিমান থাকতে পারে। ইউএসএস জর্জ ডব্লিউ বুশ প্রধানত পারস্য উপসাগর এলাকায় তৎপরতা চালায়। রণতরিতে দু’টি পরমাণু চুল্লি থাকায় জ্বালানি না নিয়ে টানা ২০ বছর কাটিয়ে দিতে পারবে এটি।
পার্সটুডে/মূসা রেজা/১