আমিরাতি ফ্রিগেটে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা: ১২ সেনা নিহত
-
ফাইল ফটো
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাবাহিনীর হামলায় সংযুক্ত আরব আমিরাতের অন্তত ১২ সেনা নিহত ২৩ জন আহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের সমুদ্র উপকূলে আমিরাতের একটি ফ্রিগেটের ওপর ইয়েমেনি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা-কে জানিয়েছে, আনসারুল্লাহ সেনারা বন্দরনগরী মোখার উপকূলে আমিরাতের একটি ফ্রিগেটের ওপর গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে এসব সেনা হতাহত হয়। সূত্রটি জানায়, আমিরাতের ফ্রিগেটটি নানা ধরনের গোলাবারুদ ও সামরিক সরঞ্জামে ভর্তি ছিল। তাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে এবং স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত তা চলে। পরে বিমান থেকে পানি ছিটিয়ে ফ্রিগেটের আগুন নেভানো হয়।
সূত্রটি বলেছে, আহত সেনাদেরকে চিকিৎসার জন্য ইরিত্রিয়ার বন্দরনগরী আসাবে নেয়া হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০