হোমস প্রদেশ দায়েশমুক্ত করল সিরিয়ার সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i43568-হোমস_প্রদেশ_দায়েশমুক্ত_করল_সিরিয়ার_সেনাবাহিনী
সিরিয়ার সেনাবাহিনী দেশটির হোমস প্রদেশের সর্বশেষ বড় শহর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে পুনরুদ্ধার করেছে। এর ফলে ওই প্রদেশের প্রায় পুরো অংশ সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৭ ০১:৪৬ Asia/Dhaka
  • হোমস প্রদেশ দায়েশমুক্ত করল সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী দেশটির হোমস প্রদেশের সর্বশেষ বড় শহর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে পুনরুদ্ধার করেছে। এর ফলে ওই প্রদেশের প্রায় পুরো অংশ সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে।

সিরিয়ার সরকার বিরোধীদের সমর্থক হিসেবে পরিচিত কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর নিশ্চিত করেছে।  সংস্থাটি বলেছে, ঐতিহাসিক পালমিরা নগরী থেকে ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আস-সুখনাহ শহরটি পুরোপুরি জঙ্গিমুক্ত হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী শহরটিকে তিনদিক দিয়ে ঘিরে ফেলে সাঁড়াশি অভিযান চালালে রক্তক্ষয়ী সংঘর্ষে বহু দায়েশ জঙ্গি নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। সংঘর্ষে সন্ত্রাসীদের বহু অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয় এবং প্রচুর অস্ত্রসস্ত্র সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে।

এদিকে সিরিয়ার সেনাবাহিনী দেশটির দেইর আয-যোর প্রদেশে তাকফিরি সন্ত্রাসীদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বিপুল সংখ্যক দায়েশ জঙ্গি নিহত হয়েছে।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, সিরিয়ায় দায়েশ জঙ্গিদের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত রাকা প্রদেশেরও বেশ কয়েকটি শহর সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে। এসব শহরের মধ্যে রয়েছে, আল-হারদান, সালেম আল-হামাদ, আল-আতসানা, মুকলা কাবিরা, মুকলা সাগিরা এবং আল-দা’মা। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬