১৭০ দায়েশ জঙ্গিকে হত্যা করেছে ইরাকের সেনাবাহিনী
ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৭০ দায়েশ জঙ্গি নিহত হয়েছে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী বাগদাদ থেকে ২৮০ কিলোমিটার উত্তরে ‘তাসনেয়ি আসকারি’ এলাকায় দায়েশ জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে হেলিকপ্টার গানশিপের হামলায় এসব তাকফিরি জঙ্গি নিহত হয়। রোববারের ওই হামলায় ভারী মেশিনগানসমৃদ্ধ জঙ্গিদের আটটি চেকপোস্ট ও ১৩টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
এর আগে দিনের শুরুতে মসুলের দিক থেকে আসা একদল সন্ত্রাসী সালাউদ্দিন প্রদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে জনপ্রিয় পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটের সদস্যরা তাদেরকে প্রতিহত করে। এ ঘটনায় বেশ কিছু দায়েশ জঙ্গি নিহত হয়।
ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটের ফার্স্ট ব্রিগেড মসুল থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের একটি হামলা প্রতিহত করেছে। এসব জঙ্গি ভারী অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ নিয়ে সালাউদ্দিন প্রদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। কিন্তু গণবাহিনীর যোদ্ধারা তাদেরকে প্রতিহত করে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭