শুরু হয়েছে তাল আফার থেকে দায়েশ নির্মূলের অভিযান
https://parstoday.ir/bn/news/west_asia-i44186-শুরু_হয়েছে_তাল_আফার_থেকে_দায়েশ_নির্মূলের_অভিযান
ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফার শহর থেকে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশকে নির্মূল করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৭ ১২:১৭ Asia/Dhaka
  • তাল আফারে দায়েশ বিরোধী সাঁড়াশি অভিযানে নেমেছে ইরাকি সেনাবাহিনী
    তাল আফারে দায়েশ বিরোধী সাঁড়াশি অভিযানে নেমেছে ইরাকি সেনাবাহিনী

ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফার শহর থেকে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশকে নির্মূল করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র  মোহাম্মদ আল খুদারি জানিয়েছেন, তাল আফার থেকে দায়েশকে হটিয়ে দেয়ার লক্ষ্যে আজ (মঙ্গলবার) ইরাকের বিমান বাহিনী শহরটিতে দায়েশের অবস্থানে বোমা বর্ষণ শুরু করেছে। তিনি বলেন, মুসলের ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহরটিতে বোমা হামলা চালিয়ে দায়েশের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো ধ্বংস করার পর ব্যাপক ভিত্তিক স্থল অভিযান শুরু হবে।

এদিকে অভিযান শুরু হওয়ার পর তাল আফারের কয়েকটি এলাকায় অন্তত ছয়টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে একটি স্থানীয় সূত্র জানিয়েছে। শহরের পশ্চিম অংশে বিস্ফোরক তৈরির একটি কারখানায় একটি বিস্ফোরণ ঘটেছে। তবে অভিযানে সন্ত্রাসীদের পক্ষে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তৎক্ষণাৎ জানা সম্ভব হয় নি। ২ লাখের বেশী জনসংখ্যা অধ্যুষিত তাল আফার শহরটি ২০১৪ সালে দায়েশ সন্ত্রাসীরা দখল করে নিয়ে ছিল।

এদিকে, তাল আফার শহর দায়েশমুক্ত করার লক্ষ্যে আজ থেকে শুরু হওয়া অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে পপ্যুলার মোবিলাইজশন ইউনিটস বা হাশদ আশ শাবি'র যোদ্ধারা সক্রিয়ভাবে অংশ নেবে বলে বাহিনীর মুখপাত্র আহমেদ আল আসাদি গতকাল বাগদাদে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫