সিরিয়ায় ঐক্যবদ্ধ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করল রাশিয়া
রাশিয়া এবং সিরিয়ার বিশেষজ্ঞরা ঐক্যবদ্ধ সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। সিরিয়ার ভৌগোলিক সীমানার মধ্যে এ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। আরব দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দামেস্ক-মস্কোর সহযোগিতা যখন অব্যাহত তখন এ পদক্ষেপ নেয়া হলো।
রুশ অ্যারোস্পেস ফোর্সের চিফ অব স্টাফ এবং ডেপুটি কমান্ডার মেজর জেনারেল সের্গেই মেশচেরিয়াকভ এ কথা জানিয়েছেন। এ প্রতিরক্ষা ব্যবস্থায় রুশ ও সিরিয়ার বিমান নজরদারি ব্যবস্থার সংযোগ ঘটানো হয়েছে বলে জানান তিনি।
সিরিয়ার অভিজ্ঞতা নিয়ে এক রাউন্ড টেবিলে এ কথা জানান মেশচেরিয়াকভ। তিনি আরো জানান, আকাশসীমার পরিস্থিতি নিয়ে সব তথ্য আসবে সিরিয় রাডার কেন্দ্রগুলো থেকে। এসব তথ্য সিরিয়ায় রুশ বাহিনীর স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে যাবে বলেও জানান তিনি।
এ সময়ে সিরিয়ার লাতাকিয়ায় স্থাপিত হেমেইমিম বিমানক্ষেত্রের সক্ষমতা সম্পর্কে কথা বলেন তিনি। তিনি জানান, ৪০০ কিলোমিটার পাল্লা এবং ৩৫ কিলোমিটার উচ্চতার মধ্যে সবধরনের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে এ বিমানক্ষেত্র।
হেমেইমিমে রুশ বিমান প্রতিরক্ষা গ্রুপের যেসব ব্যবস্থা মোতায়েন রয়েছে তার মধ্যে আছে একটি বেতার প্রকৌশলী ব্যাটালিয়ন, পানশির-এস প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।।#
পার্সটুডে/মূসা রেজা/২৬