তাল আফার মুক্ত; আমরা তোমাদের খোঁজে আসছি: দায়েশকে ইরাকি প্রধানমন্ত্রী
-
ফাইল ফটো
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর তাল আফার দায়েশমুক্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তিনি বলেছেন, তাল আফার মুক্ত হওয়ার মধ্যদিয়ে পুরো নেইনাভা প্রদেশ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে মুক্তি পেল।
ইরাকের প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেন, “তাল আফার মুক্ত হয়েছে। আমরা দায়েশ সন্ত্রাসীদেরকে বলছি-তোমরা যেখানেই থাক না কেন, আমরা তোমাদের খোঁজে আসছি। তোমাদের সামনে আত্মসমর্পণ অথবা মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই।”
ইরাকের সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি গত ২০ আগস্ট থেকে তাল আফার শহর মুক্ত করার জন্য বড় ধরনের লড়াই করে আসছিল। এর আগে তারা দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল উদ্ধার করে।
২০১৪ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকে তাদের সহিংসতা শুরু করে তবে সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর পাল্টা অভিযানের মুখে দখল করা বেশিরভাগ জায়গা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১