দায়েশের কবল থেকে ৩০০০ বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করল সিরিয়া
সিরিয়ার সেনা এবং মিত্রবাহিনী প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে মুক্ত করতে পেরেছে। হোমস এবং দেইর আজ-জোর প্রদেশের মধ্যবর্তী এলাকায় অবস্থিত এ অঞ্চল। লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ(শুক্রবার) এ খবর দিয়েছে।
সিরিয় বাহিনী যেসব এলাকা মুক্ত করেছে তার মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ পর্বতমালা আল-বেশিরিও রয়েছে। দায়েশ অধিকৃত একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে গণ্য করা হতো একে।
এ এলাকার পর্বতগুলোর ওপর সিরিয় বাহিনীর কামান বসানোর অবকাশ সৃষ্টি হয়েছে। এতে সিরিয় বাহিনী এখন দিয়ার আজ-জোহরের অনেক গ্রাম ও শহরকে দায়েশ মুক্ত করার অভিযান চালাতে পারবে।
সফল সামরিক অভিযানের মধ্য দিয়ে সিরিয়া এবং ইরাকে শেষ পর্যায়ে পৌঁছেছে দায়েশ। রাশিয়া জানিয়েছে, দায়েশের বাকি সদস্যরা এখন সিরিয়ার রাকা ও ইরাকের মসুল থেকে দেইর আজ-জোর প্রদেশের দিকে পালাতে শুরু করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১