একদিনে আলেপ্পোতে ফিরে এলো ৪০০ বাস্তুহারা মানুষ
সিরিয়ার আলেপ্পো প্রদেশে এক দিনে চারশ'র বেশি সিরিয়বাসী ফিরে এসেছেন। গতকাল বাস্তুচ্যুত এ সব সিরিয়বাসী নিজ নিজ বাড়িঘর ফিরে এসেছেন বলে আজ(সোমবার) জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সেন্টার ফর সিরিয়ান রিকন্সিলেশনের তৎপরতার ফলে এ সব মানুষ নিজ নিজ ঘরবাড়িতে ফিরতে পেরেছেন বলে জানানো হয়েছে।
গত ছয় বছর ধরে সিরিয়াকে গৃহযুদ্ধে জড়িয়ে ফেলা হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশসহ অন্যান্য অনেক গোষ্ঠী দেশটিতে ব্যাপক ভাবে তৎপর হয়ে উঠেছিল। এর মধ্যে আলেপ্পো নগরীতে অন্যতম ভয়াবহ যুদ্ধ হয়েছিল। অবশ্য প্রচণ্ড যুদ্ধের মধ্য দিয়ে গত বছরের ডিসেম্বরে এ নগরীকে মুক্ত করে দামেস্কের সরকারি বাহিনী।
চলতি বছরের মে মাসে কাজাখিস্তানের রাজধানী আস্তানায় ইরান, তুরস্ক এবং রাশিয়ার মধ্যে আলোচনার ভিত্তিতে সিরিয়ায় কয়েকটি যুদ্ধবিরতি অঞ্চল গঠন করা হয়। আলেপ্পোর পশ্চিমাঞ্চল এর আওতায় পড়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৪