দেইর আয-যোর নগরীর অবরোধ ভেঙ্গেছে সিরিয় বাহিনী
সিরিয় সেনাবাহিনী দেইর আয-যোর নগরীর অবরোধ ভাঙ্গতে সক্ষম হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় নগরীতে গত তিন বছর ধরে কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ।
অবরোধ ভাঙ্গতে সিরিয় বাহিনীকে সহায়তা করেছে দেশটির জনপ্রিয় প্রতিরক্ষা সংগঠনগুলোর যোদ্ধারা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নগরীর পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে অবস্থিত ব্রিগেড-১৩৭ ঘাঁটিতে পৌঁছে গেছে দেশটির সরকারি বাহিনী।
আর এ মাধ্যমে প্রায় তিন বছরের অবরোধ কার্যকরভাবে ভেঙ্গে ফেলা হয়। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর জানিয়েছে, ব্রিগেড ১৩৭ ঘাঁটি থেকে দায়েশে পেতে রাখা মাইন নিষ্ক্রিয় করছে সরকারি বাহিনী।
অবশ্য, দায়েশরা পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে এসওএইচআর। বর্তমানে জাবরা এলাকার কাছে দু'পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে বলে জানানো হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৫