কঠোর ভাষায় রাসায়নিক হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল সিরিয়া
-
জেনেভায় নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হুসামউদ্দিন আলা
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখুনে সন্দেহভাজন রাসায়নিক হামলায় দেশটির সরকারকে জড়িত করে জাতিসংঘ যে প্রতিবেদন প্রকাশ করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে দামেস্ক। গত এপ্রিলে চালানো ওই হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল।
জাতিসংঘের জেনেভা দপ্তরে সিরিয়ার স্থায়ী মিশন শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান জোয়াকুইন মারটেলিকে লেখা এক চিঠিতে ওই অভিযোগ প্রত্যাখ্যান করে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক তদন্ত কমিশন সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে, সিরিয়ার সরকারি সেনারা খান শেইখুনে রাসায়নিক হামলা চালিয়েছে।
এই প্রতিবেদনের প্রতিবাদে সিরিয়ার স্থায়ী মিশনের চিঠিতে বলা হয়েছে, “সিরিয়া সরকার নিজের জনগণের বিরুদ্ধে রাসায়নিক গ্যাস ব্যবহার করেনি কারণ, প্রথমত, দামেস্কের কাছে এ ধরনের কোনো অস্ত্র নেই এবং দ্বিতীয়ত, এ ধরনের অস্ত্র ব্যবহারকে সিরিয়া সরকার জঘন্য অপরাধ বলে মনে করে।”
জেনেভায় নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হুসামউদ্দিন আলার পক্ষ থেকে লেখা চিঠিতে আরো বলা হয়, জাতিসংঘের তদন্ত কমিশন সিরিয়ার কিছু সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের দোসর সুনির্দিষ্ট কিছু দেশের অপপ্রচারকে ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করেছে।
চিঠিতে আরো বলা হয়, যখন রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ওপিসিডাব্লিউ খান শেইখুনের রাসায়নিক হামলা সম্পর্কে তদন্ত চালাচ্ছে তখন জাতিসংঘের এই কমিশনের আলাদা তদন্ত কাজে বিস্ময় প্রকাশ করছে দামেস্ক। রাজনৈতিক উদ্দেশ্যে সিরিয়া সরকারকে অভিযুক্ত করার পূর্ব পরিকল্পনা নিয়ে এই কমিশন গঠন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯