সিরিয়ার সন্ত্রাসীদের জর্ডানে ফিরে আসার নির্দেশ দিয়েছে সিআইএ !
-
কথিত ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা
সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা দু'টি সন্ত্রাসী গোষ্ঠীকে জর্ডানে ফিরে আসতে আহ্বান জানিয়েছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো। সিরিয় সেনাবাহিনীর অগ্রাভিযানের পরিপ্রেক্ষিতে তাদের প্রতি এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে সন্ত্রাসীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
কথিত ফ্রি সিরিয়ান আর্মির অন্তর্ভুক্ত ইউসাউদ আশ শারকিয়া এবং শহীদ আহমাদ আব্দু বাহিনীকে জর্ডানে ফিরে আসতে এসব গোষ্ঠীর প্রধান মদদদাতা মার্কিন সিআইএ'সহ জর্ডান এবং সৌদি আরব আহ্বান জানিয়েছে বলে সন্ত্রাসীদের কিছু সূত্র জানিয়েছে।
ইউসাউদ আশ শারকিয়া গোষ্ঠীর শীর্ষ স্থানীয় কর্মকর্তা বদর আদ-দ্বীন আস সালামাহ বলেছেন, "সিরিয়ার ভূখণ্ড ছেড়ে চলে আসতে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেয়া হয়েছে।" সিরিয়ার সেনাবাহিনী জর্ডানের সীমান্তবর্তী বিশাল এলাকা বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করার পর তাদেরকে এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, দু'টি গোষ্ঠীর মধ্যে কয়েক'শ যোদ্ধা রয়েছে এবং তাদের কাছে থাকা ভারী অস্ত্র এবং বহু ট্যাংক বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্র ফেরত দিতে বলা হয়েছে বলেও সন্ত্রাসীরা জানিয়েছে। তবে এ সিদ্ধান্তে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়েছেন এবং সেখানে তারা 'হয় লড়বে অথবা মরবে' বলে গত শনিবার তাদের কমান্ডাররা জর্ডানের জয়েন্ট অপারেশনস কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১১