ইরাকের কিরকুকে মোতায়েন হলো কয়েক হাজার পিশমার্গা
-
পিশমার্গা বাহিনী
ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান সরকার তেল সমৃদ্ধ কিরকুক এলাকায় কয়েক হাজার পিশমার্গা বাহিনী মোতায়েন করেছে। গত মাসে কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটকে কেন্দ্র করে যখন কুর্দি সরকার এবং দেশটির কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা চলছে তখন এসব কুর্দি পিশমার্গা বাহিনী মোতায়েন করা হলো।
কুর্দিস্তানের ভাইস প্র্রেসিডেন্ট কোসরাত রাসুল আজ (শুক্রবার) জানিয়েছেন, ইরাকি সরকারি বাহিনীর সম্ভাব্য হুমকি মোকাবিলায় এসব সেনা মোতায়েন করা হয়েছে। কুর্দিস্তান সরকার পরিচালিত রোদো টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
রাসুল বলেছেন, হাজার হাজার কুর্দি পিশমার্গা এবং নিরাপত্তা বাহিনী এরইমধ্যে কিরকুক শহরের ভেতরে এবং এর আশপাশ অবস্থান করছে। তিনি আরো বলেন, ইরাকি বাহিনীর হুমকি মোকাবিলায় গতকাল রাত বৃহস্পতিবার থেকে অতিরিক্ত আরো ছয় হাজার পিশমার্গা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আন্তর্জাতিক সমাজের নিষেধাজ্ঞা এবং আহ্বান উপেক্ষা করে কুর্দিস্তান সরকার ইরাক থেকে বিচ্ছিন্ন হতে গত ২৫ সেপ্টেম্বর গণভোটের আয়োজন করে। এর পর বাগদাদ কুর্দিস্তানের বিরুদ্ধে কয়েক দফা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইরাক সরকার কুর্দিস্তানে সব আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩