‘মার্কিন-প্রশিক্ষিত সেনা নিয়ে কাতারে আগ্রাসনের পরিকল্পনা করেছিল আমিরাত’
কাতারের সাবেক উপ প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ আল-আতিয়াহ্ বলেছেন, কাতারে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছিল সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। মার্কিন-প্রশিক্ষিত হাজার হাজার ভাড়াটে সেনা নিয়ে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
স্পেনের দৈনিক এবিসিকে চলতি সপ্তাহের গোড়ার দিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি বলেন, ভাড়াটে সেনাদের প্রশিক্ষণ দেয়ার জন্য কুখ্যাত ব্ল্যাকওয়াটারের সঙ্গে সম্পর্কিত বেসরকারি নিরাপত্তা ঠিকাদার ভাড়া করেছিল আমিরাত। ইরাক ও আফগানিস্তানে বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িত ব্ল্যাকওয়াটার বর্তমানে একাডেমি নামে পরিচিত।
সামরিক আগ্রাসন চালিয়ে কাতারের আমিরকে উৎখাত করে সেখানে সৌদি জোটের তাবেদার শাসক বসানোর পরিকল্পনা বাস্তবায়নে এ প্রশিক্ষণের পদক্ষেপ নেয়া হয়েছিল বলে জানান তিনি।
গত কয়েকমাস ধরে কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর টানাপড়েন শুরুর আগেই এ প্রশিক্ষণ তৎপরতা শুরু করা হয়েছিল বলেও জানান তিনি। গত জুন মাস থেকে কাতারের সঙ্গে এ টানাপড়েন শুরু হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্র এবিসিকে বলেছে, আবু ধাবির লিয়া মরুদ্যানের সামরিক ঘাঁটিতে ভাড়াটে সেনাদের প্রশিক্ষণ দেয়া হয়েছিল।
তিনি বলেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন না করায় এখনো পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেনি আমিরাত।#
পার্সটুডে/মূসা রেজা/১৫