কিরকুক থেকে সরে আসতে কুর্দি পিশমার্গা বাহিনীর অস্বীকৃতি
-
পিশমার্গা সেনা (ফাইল ফটো)
ইরাকের কিরকুক প্রদেশের দক্ষিণে একটি কৌশলগত এলাকা থেকে কুর্দি পিশমার্গা বাহিনী নিজেদের সরিয়ে নিতে অস্বীকার করেছে। ইরাকের সামরিক বাহিনী পিশমার্গা বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। এছাড়া, বাগদাদ সরকার স্থানীয় সময় গতরাত ১১টার মধ্যে ওই এলাকা থেকে কুর্দি পিশমার্গা বাহিনীকে সরে যাওয়ার চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছিল।
আজ (রোববার) দিনের শুরুর দিকে একজন কুর্দি নিরাপত্তা কর্মকর্তা ঘোষণা করেছেন যে, কুর্দি পিশমার্গা বাহিনীকে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান থেকে প্রত্যাহার করা হয় নি। কুর্দিস্তানের আধা-স্বায়ত্ত্বশাসিত সরকারের অনুরোধে পিশমার্গা বাহিনীর হাজার হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।
২০১৪ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকে আগ্রাসন চালালে তা রুখে দেয়ার জন্য তেলসমৃদ্ধ কিরকুকে পিশমার্গা বাহিনী লড়াই শুরু করে। তবে গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে আয়োজিত গণভোটের পর ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এ প্রেক্ষাপটে পিশমার্গা সেনাদেরকে সরিয়ে নেয়ার কথা বলছে বাগদাদ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫