ইয়েমেনিদের পাল্টা হামলায় ১৮ সৌদি অনুচর নিহত
-
দুই সৌদি অনুচর
ইয়েমেনের মায়ারিব, তায়িজ ও দালে প্রদেশে সেনাবাহিনী ও বিপ্লবী সংগঠনগুলোর পাল্টা হামলায় সৌদি আরবের ১৮ জন ভাড়াটে সেনা নিহত হয়েছে। ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরবি টিভি চ্যানেল আল-আলম।
দালে প্রদেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হামলায় অন্তত ১৩ জন এবং তায়িজ প্রদেশে অন্তত পাঁচজন সৌদি অনুচর প্রাণ হারিয়েছে। সৌদি আরব বিভিন্ন দেশের সাবেক সেনাদেরকে ভাড়া করে এনে ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে।
এদিকে, ইয়েমেনের মায়ারিব ও সানা প্রদেশে আবারও বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। তবে বিমান হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করেছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এতে সার্বিক সমর্থন দিচ্ছে আমেরিকা। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত বহু ইয়েমেনি হতাহত হয়েছে। এছাড়া ধ্বংস হয়েছে বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫