রাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিল মার্কিন সমর্থিত এসডিএফ
https://parstoday.ir/bn/news/west_asia-i47623-রাকার_পূর্ণ_নিয়ন্ত্রণ_নিল_মার্কিন_সমর্থিত_এসডিএফ
সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের স্বঘোষিত রাজধানী রাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ। ২০১৩ সালে সন্ত্রাসীরা সিরিয়ায় আকস্মিক আগ্রাসন চালিয়ে বিভিন্ন শহর দখল করে নেয় এবং রাকাকে তারা রাজধানী ঘোষণা করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৭ ১৫:৩৭ Asia/Dhaka
  • রাকা শহরে এসডিএফ যোদ্ধাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
    রাকা শহরে এসডিএফ যোদ্ধাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা

সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের স্বঘোষিত রাজধানী রাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ। ২০১৩ সালে সন্ত্রাসীরা সিরিয়ায় আকস্মিক আগ্রাসন চালিয়ে বিভিন্ন শহর দখল করে নেয় এবং রাকাকে তারা রাজধানী ঘোষণা করে।

এসডিএফ মুখপাত্র তালাল সেলো ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, "রাকায় সব কাজ শেষ এবং আমাদের বাহিনী রাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।" তিনি জানান, "রাকা শহরে সামরিক অভিযান শেষ হয়েছে কিন্তু পরিচ্ছন্ন অভিযান চলছে। শহরের কোথাও গুপ্ত আস্তানা কিংবা মাইন পাতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।" তিনি জানান, রাকা দখলের বিষয়ে শিগগিরি একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে।

এসডিএফ যোদ্ধাদের উল্লাস

এসডিএফ যোদ্ধারা সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে সিরিয়ার সরকারকে সহযোগিতা করে না। এ গোষ্ঠী চার মাস আগে রাকা শহর মুক্ত করার অভিযান শুরু করে। এর আগে, এসডিএফ এবং মার্কিন বাহিনীর মধ্যে চুক্তি হয়েছিল যে, রাকা অভিযানের সময় দায়েশ সন্ত্রাসীদেরকে শহর থেকে নিরাপদে দেইর আয-যোরের দিকে চলে যেতে দিতে হবে। এসডিএফ দাবি করেছে, ওই চুক্তি সত্ত্বেও রাকা শহরে দায়েশকে মোকাবেলা করতে হয়েছে।

এদিকে, দেইর আয-যোর শহরের শতকরা ৮০ ভাগ মুক্ত করে ফেলেছে সরকারি বাহিনী। দীর্ঘদিন ধরে শহরটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে ছিল। গতকাল কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দেইর আয-যোর শহরের শতকরা ৮১ ভাগ নিয়ন্ত্রণ করছে সরকারি সেনারা। ২০১৪ সালে দায়েশ এ শহর দখল করেছিল।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭