হোমস প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর অগ্রাভিযান চলছে
https://parstoday.ir/bn/news/west_asia-i47732-হোমস_প্রদেশে_সিরিয়ার_সেনাবাহিনীর_অগ্রাভিযান_চলছে
সিরিয়ার সেনাবাহিনী দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের আরেকটি শহর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কবল থেকে মুক্ত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৭ ০২:৫৩ Asia/Dhaka
  • হোমস প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর অগ্রাভিযান চলছে

সিরিয়ার সেনাবাহিনী দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের আরেকটি শহর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কবল থেকে মুক্ত করেছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ঐতিহাসিক পালমিরা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আল-কারাইতান শহর দায়েশের হাত থেকে পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। এ সময় সংঘর্ষে বহু দায়েশ সন্ত্রাসী নিহত হয় এবং বাকিরা শহর ছেড়ে পালিয়ে যায়।

সম্প্রতি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ আল-কারাইতান শহরটি দখল করেছিল। চলতি মাসের গোড়ার দিকে লন্ডন-ভিত্তিক সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দায়েশের হাতে এই শহরের পতনের খবর দিয়েছিল।

সিরিয়ার সেনাবাহিনী (ফাইল ছবি)

অবজারভেটরি গতকাল (শনিবার) জানিয়েছে, সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে কিছু দায়েশ সন্ত্রাসী আত্মসমর্পন করে এবং বাকিরা পালিয়ে যায়। সংস্থাটি আরো জানায়, বর্তমানে দায়েশ জঙ্গিরা হোমস প্রদেশের পূর্ব অংশের একটি মরু এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে।

এদিকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশেও সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২